২৭ জুলাই ২০২৬
preview
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন

মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের চারপাশের খালি জায়গাগুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছ বেশি বেশি রোপণ করতে হবে। এ বিষয়ে পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করতে হবে।"

এ সময় তিনি জেলা পুলিশ লাইন্স, জেলার ৯টি থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রসহ পুলিশের বিভিন্ন ইউনিটের আওতাধীন খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জলবায়ু সুরক্ষায় একাত্মতা প্রকাশ করে আয়োজকরা আহ্বান জানান—"আসুন, একটি করে গাছ লাগাই; সবুজে সাজাই বাংলাদেশ, সুরক্ষিত রাখি আগামী প্রজন্মের ভবিষ্যৎ।"


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com