২৭ জুলাই ২০২৬
preview
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা বিতরণ

আব্দুল বাছির সা'দী

সিলেটের কানাইঘাটে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় আগতালুক মাঝতালুক পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে কানাইঘাট উপজেলা জমিয়তের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষ থেকে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।


নিহতরা হলেন কানাইঘাট উপজেলার আমরপুর গ্রামের জিবান আহমেদ (৩৫), নিজ গাছবাড়ী গ্রামের আবদুল কাদির (৩০), মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান (২৭), জুবায়ের আহমেদ (২৮) এবং আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮)। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। পরে ৩০ জুন তাদের মরদেহ দেশে এনে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, প্রবাসীরা বুকভরা স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন। কিন্তু তাদের লাশ হয়ে ফিরে আসতে হয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক। এই পরিবারগুলোর কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।


তিনি আরও বলেন, নিহতদের এতিম সন্তানদের শিক্ষা যেন বন্ধ না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাদের বই, খাতা, কলম, যাতায়াত ব্যয় ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর ব্যবস্থা করতে দলীয়ভাবে এবং প্রবাসীদের সহযোগিতায় উদ্যোগ নেওয়া হবে।


এ সময় তিনি স্থানীয় বিত্তবানদের এসব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং পরিবারগুলোর সার্বিক সহযোগিতা তদারকির জন্য একটি কমিটি গঠনের কথাও জানান।


হাফেজ রফিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা বুরহান উদ্দীন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সিলেট উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, কানাইঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি মাওলানা হারুন রশীদ, কেন্দ্রীয় যুব জমিয়ত নেতা মাওলানা কালিম মাহফুজ, ওমান জমিয়ত নেতা মাওলানা জাহিদ নাছির, আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমীন, ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ গাছবাড়ীর সভাপতি মাওলানা বিলালউদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী, আকুনি মাদ্রাসার শিক্ষক মাওলানা নুমান ইবনুল আমীন, দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, ঝিংগাবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদ হোসেন, সীমা বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাজী মতিউর রহমান সুহেল, ঝিংগাবাড়ী ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা হেলাল, হাজী মাওলানা সালিম আহমদ, যুব জমিয়ত নেতা মাওলানা নুরুল ইসলাম, কাতার জমিয়ত নেতা হাজী আজমত উল্লাহ, হাজী ইয়াহইয়া তাহমীদ, হাজী সুলতান আহমদ, লুৎফর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহত পাঁচ পরিবারের সদস্যরা।


অনুষ্ঠানের শেষে নিহতদের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

1000063758.jpg


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com