৩০ জুন ২০২৬
preview
কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলা,জামিন নামঞ্জুর, কারাগারে দুই নেতা।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করে কারাগারে গেছেন মামলার প্রধান আসামি ও জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদ এবং দ্বিতীয় আসামি আসাদুজ্জামান আসাদ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিচারক এনায়েতুল কবির শুনানি শেষে তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ১১ এপ্রিল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম জাহাঙ্গীরের দরবারে পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় গণপিটুনিতে পীর শামীম জাহাঙ্গীর নিহত হন।

এ ঘটনায় গত ১৩ এপ্রিল নিহতের বড় ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

কারাগারে যাওয়া মুহাম্মদ খাজা আহমেদ কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং আসন্ন ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী। অন্যদিকে, আসাদুজ্জামান আসাদ বাংলাদেশ খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে উচ্চ আদালত থেকে তারা ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ গত ২৯ জুন শেষ হয়। নির্ধারিত সময় শেষ হওয়ায় তারা মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তবে বিচারক নথিপত্র পর্যালোচনা ও শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিন জানান, খাজা আহমেদ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে মামলার বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com