২৯ জুন ২০২৬
preview
ঠাকুরগাঁওয়ে অভিযানে ৩ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেপ্তার, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার দুজন সম্পর্কে আপন মামা-ভাগ্নে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ।

গ্রেপ্তাররা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ গ্রামের দারাব উদ্দীনের ছেলে রাজা হাসান রাজু (২৯) এবং ঠাকুরগাঁও পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে রাফায়েল হাসান হৃদয় (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবার চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এত বড় ইয়াবার চালান কোথা থেকে এসেছে এবং এর পেছনে থাকা মূল সরবরাহকারী ও চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, শুধু বাহক নয়, মাদকের উৎস ও পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনতে পারলেই মাদক নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com