২৯ জুন ২০২৬
preview
মাদক দিয়ে ষড়যন্ত্রের অভি/যোগ, জামা/ইকে আটক করল পুলিশ।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরকে মাদক মামলায় ফাঁসানোর অপচেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন হাবিবুল ইসলাম ঠান্টু (৩২) নামে এক যুবক। ঘটনার তদন্তে তার সাজানো পরিকল্পনার রহস্য ফাঁস হওয়ার পর পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ঠান্টু একই উপজেলার মাঝিহাট গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে কুন্টিরচর গ্রামের ফারুক হোসেনের মেয়ের সঙ্গে ঠান্টুর বিয়ে হয়। তবে ঠান্টুর মাদকাসক্তি নিয়ে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে স্ত্রী তাকে তালাকের নোটিশ পাঠান। এই ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনকে শায়েস্তা করার পরিকল্পনা করেন তিনি।

অভিযোগ রয়েছে, রবিবার গভীর রাতে শ্বশুরবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে মাদকদ্রব্য লুকিয়ে রাখেন ঠান্টু। এরপর নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ওই বাড়িতে মাদক থাকার মিথ্যা তথ্য দেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে।

তবে পুলিশের তদন্তে পুরো বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা গভীরভাবে ঘটনার অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে পারিবারিক বিরোধ ও তালাকের বিষয়টি সামনে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মুখে ঠান্টু স্বীকার করেন যে, শ্বশুরকে ফাঁসানোর উদ্দেশ্যেই তিনি নিজেই মাদক রেখে পুলিশকে খবর দিয়েছিলেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহ ও তালাকের ক্ষোভ থেকেই ঠান্টু এই জঘন্য পরিকল্পনা করেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com