মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
জেলায় এবার ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় মোট ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী স্বাভাবিক শিশুর পাশাপাশি রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও।
দুর্গম চরাঞ্চলের শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। চরের ২ শতাধিক কেন্দ্রসহ পুরো জেলায় মোট ২ হাজার ৭০টি কেন্দ্রে চলছে এই কার্যক্রম। ক্যাম্পেইন সফল করতে নিয়োজিত রয়েছেন ৪ হাজার ১৩৬ জন স্বেচ্ছাসেবী এবং ২৪০ জন সুপারভাইজার।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ ও সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিশুদের অন্ধত্ব প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ক্যাম্পেইন চলবে দিনব্যাপী।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com