মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।আয় আর
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি নীরব সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এর বিস্তার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং নৈতিক শিক্ষার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুমহলের প্রতি নজর রাখারও আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com