মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাতে উপজেলার তুলসিপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ওই গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তুলসিপুর গ্রামে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে—এমন একটি গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মিজানুর রহমানের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মিজানুরের ঘর পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে মোট ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের পর ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com