আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার গভীর রাতে জেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীন কান্দাল বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন বড়দহগা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪ বোতল এসকফ সিরাপ, ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক হিসেবে অপব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৯ হাজার টাকা।
এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং জব্দকৃত মালামাল সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার রোধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com