২৫ জুন ২০২৬
preview
চকরিয়ায় চাকরি মেলায় ৫৮ জনের তাৎক্ষণিক চাকরি, প্রাথমিকভাবে নির্বাচিত আরও ৬২ জন

মোঃ আবদুল করিম

কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত চাকরি মেলায় তাৎক্ষণিকভাবে ৫৮ জন চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীর চাকরি নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে আরও ৬২ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য মনোনীত করা হয়েছে, যাদের যোগ্যতা যাচাই শেষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।


গতকাল উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ চাকরি মেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোট ৪১৭ জন চাকরিপ্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আবেদনকারীদের সাক্ষাৎকার ও প্রাথমিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাৎক্ষণিক নিয়োগ এবং প্রাথমিক নির্বাচন সম্পন্ন করেন।


মেলার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


 চাকরিপ্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস অর্জনের ক্ষেত্রেও চাকরি মেলা কার্যকর উদ্যোগ হিসেবে কাজ করবে।

আয়োজকরা জানান, প্রাথমিকভাবে নির্বাচিত ৬২ জন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের উপযুক্ত প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হবে।


চাকরি মেলায় অংশ নেওয়া তরুণ-তরুণীরা এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত এ ধরনের আয়োজনের দাবি জানান। তাদের মতে, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে বেকারত্ব কমার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে উঠবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com