মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় অস্ত্র ও গুলিসহ ফরিদ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ফরিদ হোসেন একই ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাবিল মোড় এলাকায় ফরিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। এসময় তল্লাশি চালিয়ে তার কাছে একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলি পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। উত্তেজিত জনতার মারধরের একপর্যায়ে ওই যুবক আহত হন।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরিদ হোসেনকে উদ্ধার করে। বর্তমানে তাকে পুলিশি পাহারায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, স্থানীয়দের মাধ্যমে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা অস্ত্রের বৈধতা আছে কি না এবং ওই ব্যক্তি কী উদ্দেশ্যে অস্ত্র বহন করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com