আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবা, নগদ টাকা ও অন্যান্য আলামতসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার চিলারং ইউনিয়নের সুনীহারি বাজার এলাকার চুনি হারি মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পাশ থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা (দলুয়া) গ্রামের হারুন অর রশিদ (৪৫) এবং পূর্ব বড়গাছিয়া (বালিয়া হাট) এলাকার দুলাল হোসেন (২৯)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির সন্দেহভাজন ২৪ হাজার ৮৫০ টাকা, দুটি মোবাইল ফোন, একটি চার্জার ভ্যান উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হারুন অর রশিদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে এবং তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com