২৩ জুন ২০২৬
preview
সন্ত্রাস ও মাদক রুখতে কাচারীঘাট বাজারে সিসি ক্যামেরা বিতরণ

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার ইকরাশী কাচারীঘাট বাজারে বিনামূল্যে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২২ জুন, ২০২৬) বিকেলে বাজার বণিক সমিতির উদ্যোগে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক-এর স্ব-উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অর্থায়নে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে এই সিসি ক্যামেরাগুলো বিনামূল্যে বিতরণ করা হয়।

ইকরাশী কাচারীঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাইপাড়া ইউনিয়নের প্রশাসক আব্দুস সাত্তার এবং ইকরাশী কাচারীঘাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আসলাম দেওয়ান। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম বেপারী বলেন, "মাদক একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদক এবং যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক-এর এই উদ্যোগ দোহারকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে বড়ো ভূমিকা রাখবে। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে কাচারীঘাট বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানে স্থাপনের জন্য বণিক সমিতির নেতৃবৃন্দের হাতে সিসি ক্যামেরাগুলো তুলে দেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে বাজারে চুরি-ছিনতাই ও মাদকের আনাগোনা বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com