রেদওয়ান, জেলা প্রতিনিধি
ভোলা জেলার কুকরী-মুকরী এলাকায় কথিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রমিজ হাওলাদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।
অভিযোগ রয়েছে, রমিজ হাওলাদারের নামে ইতোমধ্যে থানায় চাঁদাবাজির মামলা রুজু হয়েছে এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সিনিয়র নেতাদের কাছেও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি যুবলীগ নেতা আনোয়ার হাং-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতেন। সে সময় বিএনপি নেতাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করে তার একটি অংশ ভাগাভাগি করতেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, সম্প্রতি পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রমিজ হাওলাদার ও তার সহযোগীরা তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে বাড়িতে থাকা নারী-পুরুষসহ একাধিক ব্যক্তি আহত হন। হামলাকারীরা নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
হামলার সময় রমিজ হাওলাদার নিজ হাতে জাহিদ খানের ভগ্নীপুত্র অপুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে অপু’র হাত ও গলায় গুরুতর জখম হয় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, অতীতে ২০০৩ সালে একটি ধর্ষণের ঘটনার সাথেও তিনি জড়িত ছিলেন, যার ফলে ভুক্তভোগী পরিবার এলাকা ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়।
ভুক্তভোগীরা মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়নের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। তারা জানান,
“আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, কিন্তু যদি নিজ এলাকায়ই নিরাপত্তা না পাই, তাহলে কোথায় যাবো?”
এলাকাবাসীর দাবি: দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com