মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশইনকে কেন্দ্র করে সৃষ্ট তিন দিনের অচলাবস্থার অবসান হয়েছে। দীর্ঘ আলোচনা ও একাধিক দফা বৈঠকের পর নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ওই ১২ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার পর বিজিবি প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু করে এবং বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে।
ঘটনার পরদিন এবং তারও আগে একাধিকবার পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান আসেনি। বিএসএফ শুরুতে পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণে অনাগ্রহ দেখায়। ফলে কয়েকদিন ধরে নারী ও শিশুসহ ১২ জন সীমান্তের শূন্যরেখা এলাকায় অনিশ্চয়তার মধ্যে অবস্থান করেন।
এ সময় খোলা আকাশের নিচে অবস্থান, প্রচণ্ড গরম, মশার উপদ্রব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তারা মানবিক সংকটের মুখে পড়েন বলে জানা গেছে।
পরবর্তীতে বিজিবির আনুষ্ঠানিক প্রতিবাদ, কূটনৈতিক যোগাযোগ এবং ধারাবাহিক আলোচনার পর বিএসএফ বিষয়টি পুনরায় পর্যালোচনা করে। সর্বশেষ সোমবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার বিষয়ে সম্মতি জানায় ভারতীয় বাহিনী।
পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে উজির আলী, তার স্ত্রী জয়নুর বেগম, ছেলে শিহাদ, ইনজামুল ও শিশু সামাদসহ কয়েকটি পরিবারের সদস্য রয়েছেন। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করে আসছিলেন।
কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১২ জনকে বিএসএফ নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে।
তিনি বলেন, সীমান্তে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে, সীমান্তে পুশইন ও এ ধরনের মানবিক সংকটের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com