১৫ জুন ২০২৬
preview
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মৌসুমি আক্তার (২৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


আজ রবিবার (১৪ জুন) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মৌসুমি আক্তার গাজীপুর মহানগরের ৩১নং ওয়ার্ডের জয়দেবপুর থানাধীন পশ্চিম ধীরাশ্রম (সোলেমান হাজীর বাড়ি সংলগ্ন) এলাকার রাজীব সরকারের স্ত্রী। তার বাবার নাম মৃত আরমান ও মায়ের নাম মমতাজ বেগম।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের একটি চৌকস দল রাধিকা বাজারস্থ সুলতানপুর-ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে 'বাবু ফার্নিচার মার্ট' নামক দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মৌসুমি আক্তারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক জনাব রবিউল হাসনাত বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com