মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের চিলমারীতেও ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বড় পতাকা তৈরির উৎসব ও উন্মাদনা দেখা গেছে। বিশেষ করে উপজেলার হাটিথানা পুটিমারী এলাকায় ব্রাজিলের ভক্ত যুব সমাজ নিজ উদ্যোগে প্রায় ৩০০ হাত ও আর্জেন্টিনার সমর্থকরা নিজেদের উদ্যোগে প্রায় ২০০ হাত পতাকা তৈরি করে শোভাযাত্রা করেছেন।
সরেজমিন দেখা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় ভক্তরা ব্রাজিলের ৩০০(তিন’শ) হাত ও আর্জেন্টিনার ২০০ (দুই’শ) হাত পতাকা নিয়ে গত বৃহস্পতিবার শোভাযাত্রা করেছেন। শোভাযাত্রা শেষে বাঁধের রাস্তার দু’পাশে দুই দলের ভক্তরা প্রিয় দলের পতাকা টাঙিয়ে দিয়েছেন। এছাড়াও শহর ও গ্রামের অলিগলিতে রাস্তার দু’ধারে, গাছ বা বাড়ির ছাদে বাসাতে দোল খাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ইরান, ফ্রান্স, জার্মানীসহ বিভিন্ন দেশের পতাকা। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সর্মথকের মধ্যে চলছে পতাকা বানানোর প্রতিযোগীতা।
স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিশ্বকাপে এলাকার তরুণেরা মিলে নিজেদের প্রিয় দলের পতাকা লাগানোর এ উদ্যোগ গ্রহণ করে থাকেন। উৎসাহ দিতে এলাকার প্রবাসী ও বড়রাও এতে অর্থায়ন করেন শুধু তাই নয় অনেক বৃদ্ধারাও আসছেন এগিয়ে।
স্থানীয়রা আরো জানান, দুই দলের সর্মথকের মধ্যে অনেকদিন থেকেই চলছে কথার ঢিল ছোড়াছুড়ি।
ব্রাজিল সমর্থক রাসেল বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের এলাকায় ব্রাজিল সমর্থক বেশি। আমরা যে দলেই পছন্দ করি না কেন সবাই মিলেমিশে একসঙ্গে বসে খেলা উপভোগ করে থাকি।
হাটিথানা এলাকার পলাশ নামের এক আর্জেন্টিনা সমর্থক বলেন, বিশ্বকাপ এলেই ফুটবল খেলা নিয়ে এলাকায় বিভিন্ন দলের সমর্থক তাদের প্রিয় দলের পতাকা টানানো ও জার্সি পরতে দেখা যায়। দল যার যার হলেও আমরা সবাই একযোগে আনন্দ করি। আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়দের খেলা আমার ভালো লাগে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com