মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুলিশের অভিযানে পঞ্চম শ্রেণির এক শিশুশিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী ও তার সৎ ভাইকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালানো হলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিরা খাতুন (১২)-এর বহন করা স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে ও তার সঙ্গে থাকা সৎ ভাই পায়েল (২২)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক নাদিরা খাতুন বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পরিবহনের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ মাদক চক্র কাজ করছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক এবং সমাজের জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার নেপথ্যে অন্য কোনো ব্যক্তি বা মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com