মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক নারী মাদক কারবারি কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে র্যাব।বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে একটি বাড়ির সামনে তল্লাশি চালিয়ে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৮৪০ টাকা, একটি পুরোনো স্মার্টফোন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দীপু হোসেন (৩০), চাঁদ আলী মালিথা (৪৫) এবং শামীম মল্লিককে (৩৫) গ্রেপ্তার করা হয়। তারা মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় একই এলাকার নাসিমা আক্তার (৫০) কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com