১০ জুন ২০২৬
preview
ডুমুরিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন

গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প খরচে বিচারিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ ভিডিও শো (প্রামাণ্যচিত্র প্রদর্শনী) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ জুন) সকাল ১০টায় ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির।

ভিডিও প্রদর্শনীতে গ্রাম আদালতের এক্তিয়ার, দেওয়ানি ও ফৌজদারি মামলার আবেদন প্রক্রিয়া এবং নামমাত্র খরচে কীভাবে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব, তা সহজ ও আকর্ষণীয়ভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালতের আইনি কাঠামো ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মরিয়ম খাতুন। তিনি বলেন, "সাধারণ মানুষকে আইনি জটিলতা ও দালালের খপ্পর থেকে মুক্ত রেখে দ্রুত বিচারিক সেবা দেওয়াই গ্রাম আদালতের মূল লক্ষ্য।"

ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, "ছোটখাটো বিরোধের জন্য জেলা আদালত বা থানায় গিয়ে অর্থ ও সময় অপচয় না করে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে তা মীমাংসা করা সম্ভব। ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের এই আইনি অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে আছে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইউনিয়নের সর্বস্তরের ইউপি মেম্বারবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিডিও শোটি উপভোগ করতে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও নারীরা পরিষদ চত্বরে ভিড় জমান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com