১০ জুন ২০২৬
preview
কেরানীগঞ্জে অপরাধ বিরোধী বিশেষ সচেতনতা সভায় নিপুন রায় চৌধুরী

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অডিটোরিয়ামে আজ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, সকালে, নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন হয়রানি, গুম এবং হত্যার বিরুদ্ধে এক বিশেষ সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, ৩১১ সংরক্ষিত মহিলা আসন-১১ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী।

সামাজিক অপরাধের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী নারী ও শিশুদের সুরক্ষায় সামাজিক প্রতিরোধের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন "নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি কিংবা গুম-হত্যার মতো জঘন্য অপরাধ কোনো একটি নির্দিষ্ট পরিবার বা সমাজের ক্ষতি করে না, এটি পুরো রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ সমাজ উপহার দিতে হলে কেবল আইনের প্রয়োগই যথেষ্ট নয়; বরং শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক এবং জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।"

বক্তব্যের একপর্যায়ে তিনি নির্যাতিত নারী ও শিশুদের তাৎক্ষণিক চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য সরকারি ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার’ (OCC) এবং ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেল’-এর কার্যকারিতা নিয়েও আলোকপাত করেন।

তিনি আরও উল্লেখ করেন, এ এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সুশীল সমাজকে একযোগে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ইমাম ও পুরোহিতগণ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে এবং সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা যার যার অবস্থান থেকে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওমর ফারুক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি পদক্ষেপের নিশ্চয়তা দেন এবং যেকোনো অপরাধের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com