নতুন দৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজী মোমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেদেহী হাসান রবিন মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জনতার চেয়ারম্যান মোঃ নাজমুল আলম। খেলা শেষে তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজমুল আলম বলেন, “যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাইজখাপন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় ক্রীড়ানুরাগীদের মতে, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফাইনাল খেলাকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com