নতুন দৃষ্টি
দেশের ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ ঈদ জামাতের স্থান ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ জমে উঠেছে। দীর্ঘদিন ধরে এমন অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় স্থানীয় বাসিন্দা, মুসল্লি ও দর্শনার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠের আশপাশের বিভিন্ন স্থানে বর্জ্য ও ময়লা স্তূপাকার হয়ে থাকলেও তা অপসারণে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ময়লা আবর্জনা পচে মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে এবং এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ শুধু কিশোরগঞ্জের নয়, সমগ্র বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী নিদর্শন। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী এই ঐতিহাসিক স্থানে আসেন। অথচ মাঠের চারপাশের এমন অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। পরিস্থিতি বিবেচনায় এলাকাবাসী দ্রুত ময়লা অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
ঐতিহাসিক এই পবিত্র স্থানের পরিবেশ, পবিত্রতা ও সৌন্দর্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ। শোলাকিয়া ঈদগাহ মাঠের মর্যাদা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com