১২ মে ২০২৬
preview
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলেছে পত্তনের ভাটি এলাকা: শিক্ষার আলো ছড়াচ্ছে লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়

মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন পত্তন ইউনিয়নের ভাটি এলাকার একসময়ের অবহেলিত জনপদ এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। বিশেষ করে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক চালুর পর থেকে জেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় এলাকার সার্বিক চিত্রে আমূল পরিবর্তন এসেছে। আর এই বদলে যাওয়া জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এলাকার গর্বের প্রতিষ্ঠান 'লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়'।

​সম্প্রতি বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম ও এলাকার মনোরম পরিবেশ ঘুরে দেখেন নতুন দৃষ্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিমসহ একটি প্রতিনিধি দল।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে অত্যন্ত মনোরম পরিবেশে ছেলে-মেয়েরা একসঙ্গে পড়াশোনা করছে। শিক্ষকমণ্ডলী অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করছেন। তাদের নিরলস প্রচেষ্টায় পুরো ভাটি এলাকা আজ শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।

​শুধু শিক্ষাই নয়, সড়ক উন্নয়নের ফলে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও এখন দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে বর্ষাকালে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দুই পাশে যখন থৈ থৈ পানি আর ঢেউয়ের খেলা চলে, তখন চারপাশের দৃশ্যপট এক মনোরম রূপ ধারণ করে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার প্রসার—এই দুইয়ের মেলবন্ধনে পত্তনের ভাটি এলাকা এখন এক সম্ভাবনাময় জনপদে পরিণত হয়েছে।

​শিক্ষাই যেকোনো দেশ ও সমাজের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। স্থানীয়দের প্রত্যাশা, পত্তন ইউনিয়নের ভাটি এলাকার বুক চিরে লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয় এভাবেই এগিয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে এই জনপদকে একটি শতভাগ শিক্ষিত ও আদর্শ এলাকায় পরিণত করবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com