১২ মে ২০২৬
preview
রাণীশংকৈলে ঐতিহ্যবাহী ৩৩তম বৈশাখী মেলার উদ্বোধন, বসেছে প্রায় ২০০ স্টল

মোঃ হাসিনুজ্জামান, স্টাফ রিপোর্টার।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩৩তম বৈশাখী মেলা। সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টায় উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ১০ দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পৌর বিএনপির সভাপতি ও মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সহ-সভাপতি নূর নবী, শাহাদাত হোসেন ও মাহামুদুন নবী পান্না বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান ও মুনতাসির আল মামুন মিঠুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বৈশাখী গান, লোকসংগীত ও আদিবাসী নৃত্য পরিবেশিত হয়। মনোজ্ঞ এসব পরিবেশনায় মেলা প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমান বলেন, “বৈশাখী মেলা বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সহায়তা করে।” তিনি দেশীয় কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

মেলা আয়োজকরা জানান, এবারের মেলায় প্রায় ২০০টি স্টল বসেছে। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিক্রেতারাও অংশ নিয়েছেন। মেলায় খেলনা, হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, পোশাক ও বাহারি খাবারের সমাহার রয়েছে।

আগামী ১০ দিনব্যাপী চলবে এ মেলা। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক আয়োজন, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com