মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তঘেঁষা বিভিন্ন গ্রামে এ সচেতনতামূলক প্রচার চালায়।
মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবাসীকে জানানো হয়, প্রতিদিন বিকেল ৫টার পর আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজ এলাকা এবং শূন্য লাইনের ভেতরে প্রবেশ না করতে। পাশাপাশি কৃষিকাজ, গবাদিপশু চরানো বা অন্য কোনো কাজে সীমান্তের কাছাকাছি অবস্থানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সীমান্ত দিয়ে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে অবহিত করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় অবস্থান থেকেও বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল, নজরদারি এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হয়েছে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com