শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা রাজনীতির পরিচিত মুখ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুজ্জামান (৭৮) আর নেই। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৩টায় দড়িকান্দীস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় দড়িকান্দী ইদগা মাঠে অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে রূপগঞ্জের প্রায় তিন হাজার মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু, সংসদ সদস্য, রূপগঞ্জ, মনিরুজ্জামান মনির, সাবেক বিজিএমইএ সভাপতি, নুরুজ্জামান খান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, মাহফুজুর রহমান হুমায়ুন, সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপি, গোলাম ফারুক খোকন, সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি, মাহবুবুর রহমান মাহবুব, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জানাজা শুরুর আগে, মরহুমের বড়ো ছেলে আবদুর রহমান সবুজ ও ভাতিজা আব্দুল মান্নান পারভেজ উপস্থিত সবার কাছে তাঁর পিতার জীবনের কোনো ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং রুহের মাগফেরাত কামনায় দোয়া চান।
জানাজা শেষে মরহুমের মরদেহ দড়িকান্দী গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় দাফন করা হয়। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে রূপগঞ্জ ও মুড়াপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com