রেদওয়ান, উপজেলা প্রতিনিধি, চর ফ্যাশন
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় চার্চ কলোনীর কবরস্থান, শ্মশান ও অসহায় পরিবারের বসতভিটা দখলের অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা 'কোস্ট ট্রাস্ট'-এর বিরুদ্ধে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা জানান, কোস্ট ট্রাস্টের লোকজন এলাকায় এসে সহজ-সরল ও অক্ষরজ্ঞানহীন মানুষদের বিভিন্ন প্রলোভন দেখায়। তারা মাত্র ৫০০ টাকা সহায়তার কথা বলে অজ্ঞতার সুযোগ নিয়ে কাগজে স্বাক্ষর বা টিপসই আদায় করে নেয়। অভিযোগ উঠেছে, পরবর্তীতে সেই স্বাক্ষর ব্যবহার করেই তারা চার্চ কলোনীর ওই জমির মালিকানা দাবি করছে এবং তা দখলের পাঁয়তারা চালাচ্ছে।
স্থানীয়রা জানান, যে জমিটি দখলের চেষ্টা চলছে, সেখানে দীর্ঘদিন ধরে এলাকার কবরস্থান, শ্মশান এবং খাবার জলের টিউবওয়েল রয়েছে। এছাড়া বহু অসহায় পরিবার সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। হঠাৎ করে এই দখলের হুমকিতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গরিব মানুষ, অক্ষরজ্ঞান না থাকায় বুঝতে পারিনি কীসের কাগজে আমাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই ঘরভিটা ও ধর্মীয় স্থান দখলের চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
মানববন্ধনে এলাকার নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা অবিলম্বে এ ধরনের বেআইনি কার্যক্রম বন্ধ করার দাবি জানান। একইসাথে জমি দখলের এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com