৫ মে ২০২৬
preview
বেপরোয়া ইজিবাইকের লাগাম টানতে কিশোরগঞ্জে মালিক সমিতি ও এলাকাবাসীর উঠান বৈঠক

ফজলে করিম মো. নাজমুজ্জামান, সিনিয়র স্টাফ রিপোর্টার।

কিশোরগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও অসহনীয় যানজট নিরসনের লক্ষ্যে সোচ্চার হয়েছে কিশোরগঞ্জ পৌরসভার ব্যাটারিচালিত ইজিবাইক মালিক সমিতি। এ উপলক্ষে আজ সন্ধ্যায় শহরের সার্কিট হাউসের সামনে মালিক সমিতি ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজিবাইক মালিক সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. রফিকুল ইসলাম (সুজন), অটোমোবাইল মেকানিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম এবং মো. কামাল উদ্দিন।

বৈঠকে ইজিবাইকের বেপরোয়া গতি এবং এর ফলে কিশোরগঞ্জ শহরবাসীর যানজটে নাজেহাল হওয়ার সার্বিক চিত্র তুলে ধরা হয়। এ সময় যানজট নিরসনে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা জনসম্মুখে উপস্থাপন করা হয়। উত্থাপিত এসব জনগুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও দাবির সাথে একমত পোষণ করেন উপস্থিত অতিথি আবুল কাশেম এবং মো. রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার ইজিবাইক মালিক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে মো. কামাল উদ্দিন উপস্থিত সকলের কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন। ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শহরবাসীর ভোগান্তি লাঘবে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে বৈঠকটি সমাপ্ত হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com