৩ মে ২০২৬
preview
অধিক ফলন ও রোগমুক্ত চাষাবাদ: দোহারে ব্রি ধান ১০১ জনপ্রিয় করতে কৃষি অফিসের উদ্যোগ

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ঢাকার দোহার উপজেলায় আধুনিক ও উচ্চফলনশীল জাতের ব্রি ধান ১০১ জনপ্রিয় করতে এবং এর গুণাগুণ কৃষকদের মাঝে তুলে ধরতে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ বা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার জামালচর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব ব্যাংক ও ইফাদ-এর অর্থায়নে পরিচালিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বোরো মৌসুমে নতুন এই জাতের ভ্যালিডেশন ট্রায়াল বা কার্যকারিতা যাচাই করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ শরীফুল ইসলাম। তিনি উপস্থিত কৃষক ও কৃষানিদের উদ্দেশে ব্রি ধান ১০১-এর উপকারিতা তুলে ধরে বলেন, এই জাতটি উচ্চফলনশীল এবং ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ প্রতিরোধী। আধুনিক এই জাত চাষের মাধ্যমে কৃষকরা অল্প খরচে অধিক ফলন ঘরে তুলতে পারবেন।

দোহার উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মাদ মিঠুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিপুলসংখ্যক কৃষক-কৃষানি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মাঠে ব্রি ধান ১০১-এর চমৎকার ফলন দেখে স্থানীয় কৃষকরা এই জাত চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহারের ফলে এই অঞ্চলে ধানের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com