শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন এবং ৮ ও ৯ নং ওয়ার্ডের সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২ মে) সকালে এই দ্বৈত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান।
সকালে প্রধান অতিথি আমান উল্লাহ আমান ফিতা কেটে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়টির শুভ উদ্বোধন করেন। এরপর তিনি এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮ ও ৯ নং ওয়ার্ডের সংযোগ সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সড়কটি চালুর ফলে এই অঞ্চলের কয়েক হাজার মানুষের যাতায়াত বিড়ম্বনা দূর হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, "দীর্ঘ ১৭ বছর পর এই এলাকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হলো। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।" এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও বলেন, "এ এলাকায় মাদক, জমি দখল এবং সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। জনগণের জানমালের নিরাপত্তায় যেকোনো মূল্যে এসব অপশক্তিকে কঠোর হাতে দমন করা হবে"।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন এবং জামাল উদ্দীন সরকার। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত সাধারণ মানুষ দীর্ঘ প্রতীক্ষিত এই উন্নয়ন ও রাজনৈতিক স্বাধীনতার নতুন সূচনায় সন্তোষ প্রকাশ করেন। সমাবেশ শেষে প্রধান অতিথি নেতাকর্মী ও স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com