সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাঙ্গাল মিয়া নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার লালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল শুক্রবার দুপুর আড়াইটার দিকে লালপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে লালপুর (শান্তিনগর) এলাকা থেকে কাঙ্গাল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃত কাঙ্গাল মিয়া আশুগঞ্জ থানার লালপুর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মাদক মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com