২৭ এপ্রিল ২০২৬
preview
ভোলা-৪ আসনে মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় এমপি নুরুল ইসলাম নয়নের জোরালো উদ্যোগ

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

রেদওয়ান, উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা):

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা ও আশপাশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি প্রধান দাবি— একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল। দীর্ঘদিনের এই প্রাণের দাবি বাস্তবায়নে এবার জোরালো উদ্যোগ নিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।

সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি চরফ্যাশনসহ ভোলা জেলার স্বাস্থ্যখাতের বেহাল অবস্থার কথা তুলে ধরেন। এমপি নয়ন বলেন, ভৌগোলিক কারণে এই অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। একটু উন্নত চিকিৎসার প্রয়োজন হলেই রোগীদের বরিশাল, ঢাকা কিংবা অন্যান্য দূরবর্তী জেলায় ছুটতে হয়, যা সাধারণ মানুষের জন্য সময় ও অর্থ— উভয় দিক থেকেই অত্যন্ত কষ্টসাধ্য।

সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, “চরফ্যাশনসহ ভোলা-৪ আসনের লাখো মানুষের জন্য একটি আধুনিক মেডিকেল কলেজ অত্যন্ত জরুরি। এটি প্রতিষ্ঠিত হলে শুধু যে সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা সহজলভ্য হবে তা নয়, বরং স্থানীয় শিক্ষার্থীদের জন্যও নিজ এলাকায় চিকিৎসা শিক্ষা গ্রহণের এক বিশাল সুযোগ সৃষ্টি হবে।”

জাতীয় সংসদে তাঁর এই জোরালো ও সময়োপযোগী দাবির পর চরফ্যাশনসহ পুরো উপকূলীয় অঞ্চলের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে ভোলার স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং চিকিৎসা বঞ্চনার অবসান ঘটবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com