মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে কথিত পীর আব্দুর রহমান শামিম ওরফে কালান্দার শামিমজাহাঙ্গীর হত্যা মামলায় প্রথমবারের মতো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে ফিলিপনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বিপ্লব (২৬), পশ্চিম দক্ষিণ ফিলিপনগরের নাহারুল মন্ডলের ছেলে এবং আলিফ ইসলাম (২৩), একই এলাকার রবিউল ইসলামের ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। মামলার এজাহারে এই দুইজনের নাম না থাকলেও, তদন্তে হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ফিলিপনগর দরবার শরিফে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা শামিমজাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। একই সঙ্গে দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনায় দরবারের আরও তিন অনুসারী গুরুতর আহত হন।
ঘটনার দুই দিন পর, ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় এটিই প্রথম গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com