মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে সাম্প্রতিক গুলির ঘটনায় দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা রবিউল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। তাদের ভাষ্য, ঘটনার সময় মুখোশধারী একদল সশস্ত্র ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা গুলি ছুড়তে শুরু করে।
এলোপাতাড়ি গুলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন বলে জানানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল বলেও দাবি করেন স্থানীয়রা।
ঘটনার পরদিন দায়ের করা মামলায় মরিচা ইউনিয়ন যুবদলের কয়েকজন নেতাকর্মীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। তবে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রকৃত হামলাকারীদের আড়াল করে রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ মানুষদের জড়ানো হয়েছে।
বিক্ষোভকারীরা অবিলম্বে মামলার পুনঃতদন্ত, প্রকৃত অপরাধীদের চিহ্নিতকরণ এবং নিরপরাধদের অব্যাহতির দাবি জানান। পাশাপাশি তারা এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com