২২ এপ্রিল ২০২৬
preview
কুষ্টিয়ার পদ্মায় সংঘর্ষ: সশস্ত্র হামলায় ওসিসহ ৫ পুলিশ আহত।

মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার পদ্মা নদীতে গভীর রাতে টহল ডিউটির সময় সশস্ত্র হামলার মুখে পড়েছে নৌ পুলিশ। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গেলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে পুলিশ। এতে পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের চরভবানিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। তাদের উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত শাহিনুর হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীতে রাতে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ সময় নিয়মিত টহলরত নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। এতে কয়েক মিনিট ধরে থেমে থেমে গোলাগুলি চলে।

একজন প্রত্যক্ষদর্শীর দাবি, হামলাকারীরা ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল ছিল। গোলাগুলিতে তাদের কয়েকজন সদস্য আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রাজশাহী রেঞ্জ নৌ-পুলিশের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার সোহেল রানা জানান, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে টহল দল ঘটনাস্থলে গেলে এ হামলার ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কাজ করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

বর্তমানে আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নদীপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com