২১ এপ্রিল ২০২৬
preview
বিতর্ক ও মামলার জালে এমপি আমির হামজা, গ্রেপ্তারি পরোয়ানা জারি।

মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আদালত ও মামলার নথি অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা হয়। এসব মামলায় আদালত সমন জারি করলেও তিনি উপস্থিত না হওয়ায় পরবর্তী ধাপে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার বাদী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, একজন দায়িত্বশীল মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য আইনত মানহানিকর হিসেবে বিবেচিত হয়ে দণ্ডবিধির আওতায় মামলা করা হয়েছে।

এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে করা একটি বক্তব্যকে ঘিরেও নতুন বিতর্কে জড়ান এমপি আমির হামজা। গত ২৭ মার্চ জুমার খুতবার আগে তিনি দাবি করেন, বর্তমান জেলা প্রশাসক বিপুল অর্থ ব্যয় করে কুষ্টিয়ায় বদলি হয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

এ ঘটনায় ১৩ এপ্রিল তাকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, তার বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে ৭ দিনের মধ্যে বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশের আহ্বান জানানো হয়।

এছাড়া একই ধরনের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা হয়েছে, যেখানে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ওই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।

সব মিলিয়ে ধারাবাহিক মামলা ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এমপি আমির হামজার আইনি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com