২১ এপ্রিল ২০২৬
preview
মাজদিয়াড়ে রাতের আঁধারে গুলি, অপহরণের চেষ্টা ঘিরে রক্তাক্ত সংঘর্ষে আহত ১০।।

মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি গ্রামে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতার অবস্থা গুরুতর বলে জানা গেছে। গুরুতর আহত দুজনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

আহতদের মধ্যে রয়েছেন মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬)। এছাড়া গুলিবিদ্ধদের মধ্যে সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনাসহ আরও কয়েকজন রয়েছেন।

স্থানীয়দের দাবি, একদল মুখোশধারী দুর্বৃত্ত রাতের অন্ধকারে এসে রবিউল ইসলামকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। এতে মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়ে ঘটনাস্থল।

ঘটনার পেছনে দীর্ঘদিনের স্থানীয় বিরোধ, বিশেষ করে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্ব জড়িয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com