১৫ এপ্রিল ২০২৬
preview
দৌলতপুরে শামীম জাহাঙ্গীর হত্যা: “ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে”—জামায়াতের অভিযোগ॥

মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

আর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে সংঘটিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।


বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া শহরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাদের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।


লিখিত বক্তব্যে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দিন বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াতে ইসলামী বা তাদের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, জনপ্রিয়তা ও সামাজিক প্রভাবের কারণে মুহাম্মদ খাজা আহমেদকে টার্গেট করে মামলার প্রধান আসামি করা হয়েছে।


তিনি আরও বলেন, ঘটনার সময় স্থানীয় পর্যায়ের অন্য রাজনৈতিক দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার উপস্থিতির বিষয়টি উপেক্ষা করা হয়েছে, যা তদন্ত নিয়ে প্রশ্ন তৈরি করছে। তাই নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য বের হবে না বলেও মন্তব্য করেন তিনি।


সংবাদ সম্মেলনে নেতারা জানান, জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে এবং কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডকে সমর্থন করে না। তাদের দাবি, খাজা আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী চক্র তাকে হয়রানির চেষ্টা করছে।


এ সময় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানো বন্ধের আহ্বান জানানো হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।



সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com