নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
ঢাকা জাতীয় সংসদে নিজেদের দায়িত্ব পালনে পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) তারা নিজ নিজ দলীয় পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দলের চেয়ারম্যানের কাছে স্বেচ্ছায় নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন যে, জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের মতো একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক আসনে বসে তাকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এই সাংবিধানিক দায়িত্বকে দলীয় প্রভাবমুক্ত রাখতেই তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক পদসহ দলের সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’ থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে তিনি নিজেই সংসদ সদস্যদের সামনে তার দলীয় পদ ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
সংশ্লিষ্টদের মতে, সংসদের শীর্ষ দুই কর্তাব্যক্তির এমন সিদ্ধান্ত জাতীয় সংসদে নিরপেক্ষতা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com