নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের নাগরিকদের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া। নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনীতিকে মূল্যস্ফীতির হাত থেকে বাঁচাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নাগরিকদের দ্রুত ও নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় গত ৮ তারিখ আবুধাবি থেকে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে ২০৬ জন কোরীয় নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারি তথ্যমতে, এ নিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে উদ্ধার করা কোরিয়ান নাগরিকের মোট সংখ্যা প্রায় ১,৫০০ জনে দাঁড়িয়েছে।
নাগরিকদের জীবনের নিরাপত্তার পাশাপাশি দেশের ভেতরে সাধারণ মানুষের ওপর যেন অর্থনৈতিক চাপ না পড়ে, সেদিকেও বিশেষ নজর দিয়েছে সরকার। প্রেসিডেন্ট লি জে-মিয়ং (이재명) জ্বালানির বাড়তি দামের চাপ থেকে জনগণকে রক্ষা করতে তেলের দামের ওপর একটি বিশেষ সীমা (Price Cap) নির্ধারণের উদ্যোগ নিয়েছেন। গত প্রায় ৩০ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে অস্থিরতার সময়ে অনেক দেশ সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ করলেও দক্ষিণ কোরিয়া দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়েছে। নাগরিকদের নিরাপত্তা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে কোরীয় সরকার সংকট মোকাবিলায় যেভাবে দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ তৈরি করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com