১০ মার্চ ২০২৬
preview
বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের ওপর হামলা: ইসলামী ছাত্র আন্দোলনের তীব্র ক্ষোভ ও শাস্তির দাবি

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

বরিশাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবীরের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক ঘটনার পর চরম ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, সোমবার (৯ মার্চ) দুপুরে একদল দুর্বৃত্ত ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের ওপর এই হামলা চালায়। স্থানীয় ইসলামী ছাত্র আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা সোহেল সিকদার (ইউনিয়ন সাধারণ সম্পাদক) এবং ছাত্রদল নেতা রাকিব মোসাব্বিরের (ইউনিয়ন সাধারণ সম্পাদক) নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। পীর সাহেব চরমোনাই মনোনীত 'হাতপাখা' প্রতীকে নির্বাচিত এই জনপ্রতিনিধি এলাকায় ব্যাপক জনপ্রিয় হওয়ায় তিনি সাধারণত কোনো নিরাপত্তাকর্মী বা দেহরক্ষী ছাড়াই জনমানুষের সাথে চলাফেরা করেন। তার এই সাধারণ জীবনযাপনের সুযোগ নিয়েই হামলাকারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি সংগঠনটির।

হামলার পরপরই সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ তীব্র প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, "জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের পূর্বপরিকল্পিত হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি অশনিসংকেত। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পেশিশক্তি ও সহিংসতার ব্যবহার চরম কাপুরুষোচিত কাজ, যা কোনোভাবেই সভ্য সমাজের পরিপন্থী নয়।" নেতৃদ্বয় অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

অন্যদিকে, হামলার ঘটনায় পৃথক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম. এম. ইদ্রিস আলম। তারা হামলাকারীদের হুঁশিয়ার করে বলেন, "সন্ত্রাসীদের এমন আগ্রাসন দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের সত্যের পথ থেকে সরানো যাবে না। ভবিষ্যতে পুনরায় এ ধরনের দুঃসাহস দেখালে সাধারণ জনগণ ও সচেতন ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।"

এছাড়াও, স্থানীয় প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে উপজেলা শাখা। পাশাপাশি, নিজেদের দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপি হাইকমান্ডকে তাদের কর্মীদের নিবৃত করার আহ্বান জানানো হয়। অন্যথায় উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট দলকেই সম্পূর্ণ দায়ভার নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com