নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
বগুড়া শহরের কলোনি এলাকায় অবস্থিত ‘পাবলিক জেনারেল হাসপাতালে’ ভুল চিকিৎসায় ইয়াহিযা নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়াহিযা বগুড়া জেলার মহিষাবান ইউনিয়নের পূর্ণিপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শিশুটির ডান হাত ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে শহরের কলোনি এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনদের দাবি, মঙ্গলবার রাতে শিশুটির হাতের অপারেশন করার কথা ছিল। অপারেশনের আগে তাকে অবশ করার জন্য (অ্যানেস্থেশিয়া) ইনজেকশন দেওয়া হয়। কিন্তু ইনজেকশন দেওয়ার দীর্ঘ সময় পার হলেও শিশুটির আর জ্ঞান ফেরেনি। এক পর্যায়ে দায়িত্বরত চিকিৎসক ইয়াহিযাকে মৃত ঘোষণা করেন।
ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের ভেতরে বিক্ষোভ শুরু করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তাদের কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উত্তেজিত জনতা ও স্বজনদের অভিযোগ, হাসপাতালটি যথাযথ নিয়ম না মেনে চালানো হচ্ছিল এবং অদক্ষ চিকিৎসক বা ভুল ওষুধের কারণেই শিশুটির প্রাণ গেছে।
নিহত ইয়াহিযার বাবা নজরুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন, "সামান্য হাত ভাঙার চিকিৎসার জন্য ছেলেকে এখানে এনেছিলাম, কিন্তু ওরা আমার ছেলেকে মেরে ফেলল। এটা কোনো হাসপাতাল নয়, এটা কসাইখানা।"
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ঘটনার পর থেকে তাদের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com