২৭ ফেব্রুয়ারি ২০২৬
preview
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪৬ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:


সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় টানা বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লক্ষ ৪৭ হাজার টাকা।


বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও বিশেষ নজরদারির অংশ হিসেবে কুড়িগ্রামের বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারীদের আনা বিপুল সংখ্যক মোবাইল ফোন, ভারতীয় গরু এবং অবৈধ ভারতীয় মদ আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। বিপুল অঙ্কের এই চোরাচালান আটকের ঘটনাটি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও সফল তৎপরতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।


এই সফল অভিযানের বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি গণমাধ্যমের কাছে বিজিবির দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, "মাদক এবং যেকোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি 'জিরো টলারেন্স' (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং অর্থনীতিকে চোরাচালানের হাত থেকে বাঁচাতে আমাদের সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন।"

তিনি আরও জোর দিয়ে বলেন, বিজিবি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির এই ধরনের বিশেষ অভিযান ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com