home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


অর্থাভাবে থমকে আছে জোড়া লাগানো দুই কন্যাশিশুর চিকিৎসা, সহায়তার আকুতি।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ৩০ জুলাই ২০২৬, ০৩:২০

Facebook
Twitter

অর্থাভাবে থমকে আছে জোড়া লাগানো দুই কন্যাশিশুর চিকিৎসা, সহায়তার আকুতি।

কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নেওয়া জোড়া লাগানো যমজ কন্যাশিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসা নিয়ে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করে সুস্থ জীবনে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তবে অর্থের অভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে পারছেন না দরিদ্র বাবা-মা।

গত মে মাসের শুরুতে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় শিশু দুটি। জন্মের পর দেখা যায়, তাদের বুক থেকে পেট পর্যন্ত শরীরের একটি অংশ পরস্পরের সঙ্গে জোড়া লাগানো। বর্তমানে তাদের বয়স প্রায় তিন মাস।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশু দুটিকে আলাদা করতে হলে প্রথমে একাধিক জটিল পরীক্ষা-নিরীক্ষা, নিয়মিত পর্যবেক্ষণ এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত চিকিৎসা পরিকল্পনা প্রয়োজন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় তিন মাস পর ঢাকায় ফলোআপের পরামর্শ দেওয়া হলেও অর্থের অভাবে সেই চিকিৎসা আর করানো সম্ভব হয়নি।

শিশু দুটির বাবা নাহিদ হাসান দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে মাসে প্রায় ৯ থেকে ১০ হাজার টাকা আয় করেন তিনি। এই সামান্য আয়ে সংসার চালানোর পাশাপাশি দুই শিশুর দুধ, ওষুধ ও চিকিৎসার খরচ বহন করতে গিয়ে চরম সংকটে পড়েছেন পরিবারটি।

অসহায় বাবা নাহিদ হাসান বলেন, “বাচ্চা দুটোর চিকিৎসার কথা ভাবলে রাতে বুক ফেটে কান্না আসে। রাতে চোখে ঘুম আসে না।” চিকিৎসকদের আশার কথা শুনেও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তাঁর স্ত্রী।

শিশু দুটির চিকিৎসা সংকটের খবর পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ গত বুধবার বিকেলে বিলগাথুয়া গ্রামের বাড়িতে গিয়ে শিশু দুটিকে দেখেন। এ সময় তিনি পরিবারের হাতে খাদ্যসামগ্রী, গুঁড়া দুধ ও নগদ ৫ হাজার টাকা সহায়তা তুলে দেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান জানান, শিশু দুটিকে সুস্থ রাখতে দ্রুত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু দুটির চিকিৎসায় আরও আর্থিক সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন দাতা সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় চিকিৎসার সুযোগ পেয়ে নিষ্পাপ এই দুই শিশু একদিন স্বাভাবিক ও সুন্দর জীবন ফিরে পাবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।